গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌর শহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু তাদের ফুল দিয়ে বরণ করেন।
বিএনপিতে যোগ দেওয়া নেতারা জানান, দেশের চলমান রাজনৈতিক সংকট, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপির আদর্শ ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগদান করেছেন।
এনসিপি থেকে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন, গাজীপুর জেলা এনসিপির সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, জেলা সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম ও শফিকুল ইসলাম। এছাড়া জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তা।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে বিএনপিতে যোগদান করেন শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল আজিজসহ দলের বেশ কয়েকজন নেতা-কর্মী।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সময়ের আলো/এসেকে/আআ/