বাগেরহাটের মোংলায় পূর্ব-সুন্দরবনে পর্যটকবাহী জালিবোট মালিকদের ডাকা ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে। এতে কয়েকদিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সুন্দরবনের দর্শনীয় স্পটগুলো।
বুধবার (৭ জানুয়ারি) সকালে থেকে এ চিত্র দেখা যায়।
এর আগে, গত ৫ জানুয়ারি সকাল থেকে ধর্মঘটের ঘোষণা দিয়ে সুন্দরবনে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় মালিকরা।
জানা গেছে, পর্যটক বহনকারী জালিবোটে প্রয়োজনীয় কাগজপত্র ও সরঞ্জাম না থাকায় গত ৪ জানুয়ারি অভিযান পরিচালনা করে ডিজি শিপিং ও বাগেরহাট জেলা প্রশাসন। এ সময় প্রায় ৩০টি বোটের উপরের অতিরিক্ত অংশ ভেঙে ফেলা হয়। একইসঙ্গে দ্রুত সময়ে প্রয়োজনীয় কাগজ পত্র বা অনুমোদন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এর প্রতিবাদে ডাকা ধর্মঘটে কার্যত বন্ধ হয়ে যায় সুন্দরবনে কাছাকাছি স্পটগুলোতে পর্যটক পরিবহন।
পরে গতকাল মঙ্গলবার রাতে বোট মালিকদের সঙ্গে বৈঠক করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিফাতুল ইসলাম ও মোংলা থানার ওসি শাহীনুর রহমান। এসময় তাদের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেন জালিবোট মালিকরা।
মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই জালিবোটের ওপরের অংশের (ছাদ) অবকাঠামো ভেঙে ও কেটে আসবাবপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছিল। এর প্রতিবাদে ধর্মঘট ও প্রতিকার চেয়ে বোট মালিকপক্ষ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছে।
এফআর