বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে উজ্জীবিত হচ্ছে রংপুরবাসী। দুই যুগ ধরে কোণঠাসায় থাকা রংপুরের তৃণমূল বিএনপির নেতাকর্মীদের চাঙ্গাভাব দেখা যাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চার দিনের সফরে যাচ্ছেন। এরমধ্যে ১২ জানুয়ারি (সোমবার) রংপুর সফর করবেন তিনি।
এদিন বেলা ২টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সড়ক পথে দিনাজপুর যাবেন। এরপর রংপুরে রাত্রিযাপন করবেন।
তারেক রহমানের সফর-সংক্রান্ত পরিচালক (সমন্বয়) ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) গণিউল আজম বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন।
গণিউল আজম জানান, চার দিনের সফরে ১১ জানুয়ারি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত যাপন করবেন তারেক রহমান। পরদিন বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন। সেখান থেকে ঠাকুরগাঁওয়ে যাবেন এবং সেখানে রাত যাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। সেখান থেকে ফিরে রংপুরে রাত যাপন করবেন। পরদিন ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।
এই সফরে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহিদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ নিহত জুলাইযোদ্ধা, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়া সফরকালে তিনি আহত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণে সব ধরনের প্রস্তুতি চলছে। এ জন্য বুধবার সন্ধ্যায় একটি প্রাথমিক সভা করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধির বিষয়টি মাথায় রেখে বড় কোনো আয়োজন করা হচ্ছে না। সফরকালে তারেক রহমান জুলাই অভ্যুত্থানে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
স্থানীয় রাজু আহমেদ বলেন, তারেক রহমান ২০০৪ সালে শীত ও ঘন কুয়াশার রাতে অসহায় মাঝে শীতবস্ত্র বিতরণ প্রশংসা পেয়েছিলেন। এবার তিনি অবহেলিত রংপুরকে উন্নয়নের দোরগোড়ায় পৌঁছানোর পরিকল্পনা জানাবেন। বিএনপি ক্ষমতায় আসলে তা বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, শুধু বিএনপি নয়, আপামর জনসাধারণও তারেক রহমানকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন।
সময়ের আলো/এসকে/আআ/