জিয়াউল ফারুক অপূর্ব এবং আফসানা আরা বিন্দু একসঙ্গে বহু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। বহুদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর আবার ফিরছে ছোটপর্দার জনপ্রিয় অপূর্ব-বিন্দু জুটি। এবার তাদের দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে।
‘তাকদীর’, ‘কারাগার’ খ্যাত সৈয়দ আহমেদ শাওকীর চিত্রনাট্যে সালেহ সোবহান অনীমের পরিচালনায় ওয়েব সিরিজের নাম হচ্ছে ‘হেডলাইন’।
জানা গেছে, হইচই-এর জন্য নির্মিতব্য এ সিরিজে জনপ্রিয় তারকা অপূর্ব এবং বিন্দু ছাড়াও এতে ইয়াশ রোহানের অভিনয়ের কথা রয়েছে।
চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বের। এরপর তিনি শুটিংয়ে অংশ নেবেন। এতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন তিনি। সিরিজটি নির্মিত হবে রাজনৈতিক থ্রিলার ধাঁচে। অন্যদিকে, এই কাজটির জন্য বিন্দু ইতোমধ্যে প্রস্তুত।
সিনেমা সিরিজের এডিটর হিসেবে সুনাম রয়েছে সালেহ সোবহান অনীমের। ওটিটির আলোচিত সব কাজে তার হাত রয়েছে। ‘হেডলাইন’ প্রসঙ্গে অনীম তেমন কিছুই জানাতে চাইলেন না। তিনি বলেন, ‘কাজটি নিয়ে অনেকের সঙ্গে আলাপ হয়েছে। কাজের আগে অনেকের সঙ্গে আলাপ হয়। চূড়ান্ত কিছু না।’
সময়ের আলো/এনএ