বর্তমান বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে মোস্তাফিজুর রহমান। তাকে আইপিএলে খেলতে না দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু এসবের স্পর্শ করেনি মোস্তাফিজকে।
বিপিএলের দল রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার আজ জানালেন তার চোখে এই বাঁহাতি পেসার কেমন, ‘মোস্তাফিজ খুবই ভদ্র ছেলে। দারুণ পেশাদার। আমাদের জন্য দুর্দান্ত একজন। বোলার হিসেবে তার মান কেমন, তা আমরা জানি; সে দুনিয়ার বাকিদের মতোই ভালো, যদি তাদের চেয়েও ভালো না হয়।’
আর্থারও আরও বলেন, ‘ওকে ম্যানেজ করতে কোনো সমস্যাই হয় না। তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ভালো একটা চুক্তি ছিল, কিন্তু যা ঘটল সত্যিই হতাশাজনক। ভারত তার সঙ্গে এটা না করলেও পারত।’
এত সব আলোচনার ভিড়েও মোস্তাফিজ প্রতিনিয়তই মাঠে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। এবার বিপিএলে ৫ ম্যাচে ৬.৯৮ গড়ে ওভারপ্রতি রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ডেথ বোলিংয়ে রংপুরের নিয়মিত ভরসাও তিনি।
এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএলে এত দামে বিক্রি হননি। মোস্তাফিজের ভেতরে হতাশা থাকাটা তাই স্বাভাবিক। এ নিয়ে প্রশ্নে আর্থারের উত্তর, ‘হ্যাঁ, আমাদের কথা হয়েছে। ওর সঙ্গে ভাষাগত দূরত্ব আছে আমার। তবে সে বুঝেছে আমি কী বলছি, আমিও তারটা বুঝেছি।’
সময়ের আলো/এআর