ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সময় লাশ পোড়ানোতে নেতৃত্বদানকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ইয়াছিন আরাফাত।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
এর আগে, গতকাল বুধবার বিকেলে ডিএমপির সহযোগিতায় ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ইয়াছিন আরাফাত ভালুকা থানার দক্ষিণ হবিরবাড়ি (কড়ইতলা মোড়) এলাকার গাজী মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর তিনি ১২ দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার দিন পাইওনিয়ার ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকা ছিল ইয়াছিনের। দিপুকে হত্যার পর তার নিথর দেহ রশি দিয়ে টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে লাশ পোড়ানোর ঘটনায় তিনি সরাসরি নেতৃত্ব দেন।
তিনি আরও জানান, দিপু হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এফআর