প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম আপডেট: ০৮.০১.২০২৬ ৯:০৫ পিএম
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন ডাকসু ও জকসুর প্রতিনিধিরা। ছবি : সময়ের আলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন ডাকসু ও জকসুর প্রতিনিধিরা।
কবর জিয়ারত শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, `জকসু নির্বাচিত প্রতিনিধিরা ঘোষণা করেছেন, এই জয়ের পুরো ক্রেডিট জুলাই শহীদদের দিতে চায়, শহীদ ওসমান হাদিকে দিতে চায় এবং বাংলাদেশের সাবেক আপসহীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দিতে চায়। জকসু নির্বাচনে কেউ জয় বা পরাজিত হয়নি, বরং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয় হয়েছে।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা নির্বাচিত হয়েছে আমরা সবাই জুলাইয়ের সহযোদ্ধা। সবাইকে একসাথে নিয়ে কাজ করাই হচ্ছে আমাদের কাজ। জুলাই অভ্যুত্থানে একসাথে যেভাবে রাজপথে ছিলাম এখনো বেটার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে নিয়ে কাজ করব। ইতোমধ্যেই চারটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা পরিবর্তন দেখতে পেয়েছে। আমরা যে কমিটমেন্ট দিয়েছি তা তো বাস্তবায়ন করবই, তারচেয়ে পাঁচগুণ বেশি কাজ করব ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘সবগুলো ছাত্রসংসদের কমন গোল হলো শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা, একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা। আমরা আশা করছি, শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানত রেখেছিল আমরা তা রক্ষা করব ইনশাআল্লাহ।
সময়ের আলো/এনএ