সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের রক্ষণভাগকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে প্রথমার্ধের মাত্র ১৬ মিনিটের ব্যবধানে চার গোল আদায় করে নেয় হান্সি ফ্লিকের দল। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পা রেখেছে বর্তমান শিরোপাধারীরা।
পুরো ম্যাচে বার্সেলোনার দখলে ছিল ৮০ শতাংশ বল। দলের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। এ ছাড়া জালের দেখা পেয়েছেন ফেররান তরেস, ফের্মিন লোপেস ও রুনি বার্দগি। লেভানডফস্কি ও লামিনে ইয়ামালকে বেঞ্চে রেখেও বার্সার আক্রমণভাগ ছিল অপ্রতিরোধ্য।
ম্যাচের ২২ মিনিটে তরেসের গোলে লিড নেয় কাতালানরা। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লোপেস। এর চার মিনিট পরই বার্দগির গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় বার্সার। ৩৮ মিনিটে রাফিনিয়া বুলেট গতির শটে স্কোরলাইন ৪-০ করেন।
স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে সেমিফাইনালের প্রথমার্ধেই চার গোল করার কীর্তি গড়ে বার্সেলোনা। বিরতির পরও আক্রমণের ধার কমায়নি বার্সা। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন রাফিনিয়া। ম্যাচের বাকি সময়ে বিলবাও কয়েকবার সুযোগ তৈরি করলেও গোল শোধ করতে ব্যর্থ হয়।
আগামী রোববার অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে বার্সেলোনা কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ নাকি অ্যাতলেতিকো মাদ্রিদ? বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বিতীয় সেমিফাইনাল থেকে ফুটবলপ্রেমীরা ইতিমধ্যে জেনে গেছেন!
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশার রাত পার করেছে জায়ান্ট দলগুলো। চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড কেউই জিতেতে পারেনি। হেড কোচ ছাড়াই খেলতে নামা চেলসি ফুলহ্যামের কাছে ২-১ গোলে হেরে গেছে ১০ জন নিয়ে খেলে। ২২ মিনিটে চেলসির কুকুরেলা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
এরপর ৫৫ মিনিটে গোল হজম করলেও ৭২ মিনিটে সমতায় ফেরে চেলসি। ৮১ মিনিটে গোল হজম করে হেরে যায় অলব্লুজরা। চেলসির নিয়োগ পাওয়া নতুন হেড কোচ লিয়াম রোসেনিয়র গ্যালারি থেকে শিষ্যদের পরাজয় দেখছেন।
প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ব্রাইটন হোভ অ্যালিবিওনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা ম্যানসিটি। ঘরে মাঠ ইতিহাদে ৪১ মিনিটে এগিয়ে যায় সিটিজেনরা। ৬০ মিনিটে গোল হজম করে পয়েন্ট হারায় গার্দিওলার শিষ্যরা। অন্য ম্যাচে বার্নলির সঙ্গে ২-২ গোল ড্র করে পয়েন্ট হারিয়েছে তালিকায় সাত নম্বরে থাকা ম্যানইউ।
সময়ের আলো/এআর