চাঁদপুর শহরের সড়কগুলোতে অপরিকল্পিতভাবে শতাধিক স্থাপন করা বিদ্যুৎ খুঁটি ও এলোমেলোভাবে ঝুলে থাকা বিদ্যুৎ তার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন শহরবাসী। এসব বিদ্যুৎ খুঁটি ও তার যানবাহন চলাচল ও পথচারীদের জন্য মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন স্থানীয়রা।
সরেজমিনে শহরের কালীবাড়ি মোড়, হকার্স মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রোড এবং শহরের অলিগলিতে দেখা গেছে, একাধিক স্থানে বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। কোথাও কোথাও খুঁটি মার্কেট ও ভবনের পাশে ঘেঁষে রয়েছে। যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে রাতের বেলায় ও বৃষ্টির সময় এসব ঝুঁকি আরও বেড়ে যায়।
এ ছাড়া বিদ্যুৎ ও টেলিযোগাযোগের তার যত্রতত্র ঝুলে থাকতে দেখা যাচ্ছে। অনেক জায়গায় তারগুলো সড়কের ওপর নিচু হয়ে ঝুলছে, আবার কোথাও খুঁটি থেকে খুলে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এতে করে ভারী যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি পথচারীরাও আতঙ্কে থাকছেন।
এ বিষয়ে চাঁদপুর কোর্ট স্টেশন এলাকার ব্যবসায়ী জসিম মেহেতী জানান, বিদ্যুৎ খুঁটি ও তারের এমন অব্যবস্থাপনার কারণে প্রতিদিনই দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাফেরা করতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এটি খুবই বিপজ্জনক। বিদ্যুৎ খুঁটিগুলো পুরোনো হওয়ায় এবং তার বৃদ্ধি হওয়ার কারণে হেলে পড়েছে। সড়কে চলাচলকারী পথচারী অনেক সময় নিচে পড়ে থাকা তারের সঙ্গে জড়িয়ে পড়েন।
পথচারী সুজন বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পরিকল্পনা ও তদারকির অভাবেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত বিদ্যুৎ খুঁটি ও এলোমেলো তারের কারণে শুধু দুর্ঘটনার আশঙ্কাই বাড়ছে না, একই সঙ্গে চাঁদপুর শহরের সৌন্দর্যও মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। আমরা দ্রুত এসব ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি অপসারণ, সঠিক পরিকল্পনার মাধ্যমে নতুন খুঁটি স্থাপন এবং ঝুলন্ত ও ছড়িয়ে থাকা তারগুলো গুছিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ সমস্যার বিষয়ে চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভূঁইয়া সময়ের আলোকে বলেন, শহরের সড়কগুলোতে বিদ্যুৎ খুঁটি ও তার প্রসঙ্গে এখন কোনো কথা বলতে পারব না। আমি অফিসের কাজে এখন ব্যস্ত আছি, আপনি পরে অফিসে এসে কথা বইলেন।
এফআর