বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। আসরে চতুর্থ হারের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। এদিকে ঢাকাকে হারিয়ে পয়েন্ট তালিকায় তিনে উঠে এলো মেহেদী হাসান মিরাজের সিলেট টাইটান্স। অষ্টম ম্যাচে চতুর্থ জয়ের স্বাদ পেল দলটি।
ঢাকার লক্ষ্য ছিল ১৮১ রান। রান তাড়ায় রহমানুল্লাহ গুরবাজ আর আবদুল্লাহ আল মামুন ঢাকাকে এনে দেন উড়ন্ত সূচনা। ৩৫ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৫৬ রান। রুয়েল মিয়াকে টানা তিন বাউন্ডারি হাঁকানোর পর ধরা দেন মামুন। ১১ বলে তার ব্যাট থেকে আসে ২৪ রান।
আগের ম্যাচে ঝড় তোলা নাসির হোসেন এবার সুবিধা করতে পারেননি। ৭ বলে ৩ করে নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
শামীম পাটোয়ারী (১) হন দুর্ভাগ্যের শিকার। নিশ্চিত ছক্কা বাঁচিয়ে বাউন্ডারির বাইরে থেকে বল ওপরে ঠেলে দ্বিতীয়বার চোখ ধাঁধানো এক ক্যাচ নেন ব্রুকস।
চতুর্থ উইকেটে সাইফ হাসানকে নিয়ে জুটি গড়ে তোলেন গুরবাজ। তবে ফিফটির পরই ফিরে যান আফগান ওপেনার। ভাঙে ২৪ বলে ৩৭ রানের জুটি। ৪৪ বলে ৩ চার আর ২ ছক্কায় ৫১ রান আসে গুরবাজের ব্যাট থেকে।
এরপর সাইফ হাসানও (১৪ বলে ২২) বড় শট হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলে বিপদে পড়ে ঢাকা। ১০৯ রানে হারায় ৫ উইকেট। অধিনায়ক মোহাম্মদ মিঠুন (৭) আর ইমাদ ওয়াসিমও (৮ বলে ১২) দাঁড়াতে পারেননি। ফলে পরাজয় কার্যত নিশ্চিত হয়ে যায় ৩ ওভার বাকি থাকতেই।
শেষদিকে সাব্বির রহমান ১৬ বলে ২ ছক্কায় অপরাজিত ২৫ রান তুলে পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন।
সময়ের আলো/এআর