১৫ বছর পর পর্দায় জুটি বাঁধছেন শোবিজ দুনিয়ার দুই তারকা শাহরিয়ার নাজিম জয় ও কুসুম সিকদার। তবে নাটক কিংবা সিনেমায় নয়, তাদের দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। নতুন ওয়েব সিরিজ ‘পাপকাহিনি ২’তে জুটি বাঁধছেন তারা। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন শাহরিয়ার নাজিম জয়। ‘লোভে পাপ, আর পাপে মৃত্যু’-এ প্রবাদ বাক্যের ওপর নির্ভর করেই ওয়েব সিরিজটি তৈরি করা হবে।
জানা যায়, তিন পর্বে নির্মিত হবে ‘পাপকাহিনি ২’। সিরিজের গল্প প্রসঙ্গে শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘গল্পটা সুন্দর। এমন একটি গল্পে অভিনয় করা একজন পেশাদার শিল্পী হিসেবে আমার জন্য দারুণ আনন্দের। গল্পের প্রয়োজনেই কুসুম সিকদার থাকছেন এই সিরিজে। এর আগেও আমরা কাজ করেছি। তবে এবার দেখা যাবে নতুন গল্পে নতুন করে।’
এদিকে, ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম নাটক ‘বিয়ের আংটি’তে অভিনয় করেন কুসুম। ওই নাটকে তার সহশিল্পী ছিলেন শাহরিয়ার নাজিম জয়। এরপর বেশ কয়েকটি নাটকে একসঙ্গে কাজ করেছেন জয়-কুসুম। মাঝখানে প্রায় আট বছর টেলিভিশন নাটক থেকে দূরে ছিলেন কুসুম। তারও সাত বছর আগে জয়-কুসুমকে শেষবার একসঙ্গে দেখা যায় ছোটপর্দায়।
পুরোনো স্মৃতি মনে করে অভিনেত্রী বলেন, ‘জয় আর আমি তো একই সময়ে শুরু করেছি বলা যায়। পুরোনো সহশিল্পীদের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের।’
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত হচ্ছে ‘পাপকাহিনি ২’। জয়, কুসুম ছাড়াও ওয়েব সিরিজটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন রুনা খান ও আশনা হাবিব ভাবনা।
এ মাসের শেষ সপ্তাহে শুরু হবে শুটিং। সবকিছু ঠিক থাকলে চলতি বছর রোজার ঈদে মুক্তি পাবে সিরিজটি। সেই লক্ষ্যেই এগিয়ে চলছে এর কাজ।
সময়ের আলো/এনএ