কুড়িগ্রামের ফুলবাড়ীর খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যদের নতুন সড়ক নির্মাণের কাজে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪ এর নিকট বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার আবু তাহের ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। আধাঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে বালারহাট ক্যাম্পের ৬ বিজিবি সদস্য ও মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ৬ বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর ১ এস থেকে ৯৩৪ এর ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা যাওয়ার মেইন সড়ক। সীমান্তঘেঁষা ভারতীয় এই সড়কটির এক কিলোমিটার জায়গা শূন্য লাইন থেকে কোথাও ৭০ গজ, কোথাও ৫০-৬০ গজ আবার কোথাও ১০০ থেকে ১২০ গজ বাংলাদেশের মধ্যে অবস্থিত।
সীমান্তের একাধিক স্থানীয়রা জানিয়েছেন, গত তিন-চারদিন থেকে সীমান্তঘেঁষা এক কিলোমিটার পুরাতন সড়কটির পাশে পূর্ব দিকে নতুন করে পাকা সড়ক নির্মাণ করে আসছে বিএসএফ। তাদের সদস্যরা উপস্থিত থেকে রাতের-আধারে কাজ করে প্রায় পৌনে কিলোমিটারেরও বেশি রাস্তা ইতোমধ্যে তৈরি করে ফেলেছে। গত দুই-তিনদিন থেকে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা বাধা দিয়ে আসলেও ভারতীয় বিএসএফ সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখেনি। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
খলিশাকোঠাল সীমান্তের বাসিন্দা মজির রহমান জানান, গত দুই-তিনদিন থেকে ভারতীয় বিএসএফ সদস্যরা সীমান্তে পুরাতন সড়কের সাথেই পূর্ব পাশে রাতের আঁধারে পাকা সড়কের কাজ করে যাচ্ছেন। বিষয়টি বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যদের নজরের আসা মাত্র তারা বিজিবির টহল জোরদার করে এবং ইতোমধ্যে দুই তিন দফা সড়কের কাজ বন্ধ রাখার জন্য বিএসএফ সদস্যদের চাপ দিলেও তারা কাজ বন্ধ করেনি। উল্টো তারা রাতে সড়ক নির্মাণের কাজ চালিয়ে যান।
তিনি আরও জানান, এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বালারহাট ক্যাম্প কমান্ডার ও ভারতের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্প কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা সেই পতাকা বৈঠকের কাছাকাছি স্থান থেকে দেখেছি।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের জানান, এই মুহূর্তে বিজিবির টহল টিমসহ সীমান্তে অবস্থা করছে। বিজিবির টহল টিমের উপস্থিতি দেখে সড়ক নির্মাণের কিছু কিছু সরঞ্জাম সরিয়ে নিচ্ছেন বিএসএফ।
এফআর