পাবনার চাটমোহরে হাসপাতালে ডিউটিরত স্ত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে আমিরুল ইসলাম (৩৫) নামে এক সেনাসদস্যের বিরুদ্ধে। ঘটনার পর থেকে আমিরুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটে। আহত সুলতানা জাহান ডলি সে সময় ওই হাসপাতালে নার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, আমিরুল ইসলাম উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন এলাকার নুর মোহাম্মদের ছেলে এবং আহত নার্স সুলতানা জাহান ডলি (২৮) পার্শ্ববর্তী উপজেলা আটঘরিয়ার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে হাসপাতালে নাইট ডিউটি করছিলেন নার্স সুলতানা জাহান ডলি। ডিউটি শেষ হওয়ার একটু আগে সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের আসেন তার স্বামী আমিরুল ইসলাম। এ সময় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিরুল ছুরি দিয়ে সুলতানা জাহানের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান।
এ বিষয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, ‘আহত নার্সকে আমাদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। গলায় আঘাত লাগায় তাকে কয়েকটি সেলাই দিতে হয়েছে। আমরা এখনো এ ঘটনার বিস্তারিত জানি না। মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। হাসপাতালের ভেতরে এ ধরনের ঘটনার বিচার হওয়া উচিত বলে মনে করি।’
বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। স্বামী স্ত্রীর কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই সেনাসদস্যের সঙ্গে আহত স্ত্রীর সাংসারিক ঝামেলা চলছিল। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
সময়ের আলো/কেএইচও/এএ