আসন্ন নির্বাচন প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় এ কথা বলেন তিনি।
মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, অতীতে আমরা দেখেছি সরকার তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফ্যাসিবাদে পরিণত হয়েছিল। চব্বিশের আন্দোলনের অঙ্গীকার অনুযায়ী আমরা এ ব্যবস্থার পরিবর্তন চাই।
অতিরিক্ত সচিব বলেন, গত ১৫ বছর আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। অনেকেই ভোট দেওয়ার অভ্যাস ভুলে গেছি। এই সময়ে যারা ভোটার হয়েছেন, তারাও ভোট দিতে পারেননি, এমনকি ভোটের প্রকৃত গুরুত্ব বোঝার সুযোগও পাননি। ভোট যেমন একটি অধিকার, তেমনি এটি একটি দায়িত্ব। একই সঙ্গে সঠিক প্রতিনিধি নির্বাচন করাও আমাদের দায়িত্ব— সুনাগরিক ও সচেতন নাগরিক হিসেবে।
তিনি আরও বলেন, আমি যদি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হই এবং খারাপ ব্যক্তি প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, তাহলে খারাপ শাসন প্রতিষ্ঠিত হবে। এর ফলে জনগণ ভোগান্তির শিকার হবে এবং সে দায় আমারও থাকবে।
উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত প্রমুখ।
এফআর