সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনগণ যদি ম্যান্ডেট দেয় তবে ২৫০টিরও বেশী আসন পেয়ে সরকার গঠন করবে বিএনপি।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে গণঅধিকার পরিষদের নাটোর জেলা শাখা আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এ শোক ও সম্প্রীতির সমাবেশ আয়োজন করা হয়।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। তাই সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি সরকার গঠন করলে উনি সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।
গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগরের সভাপতিত্বে এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেনের বিকালে সঞ্চালনায় এতে বক্তব্য দেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুর হোসাইন সুমন।
এসময় গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখার সহসভাপতি মিল্টন হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
এফআর