ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে একটি একপক্ষীয় নির্বাচনের শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ভারসাম্য হারাচ্ছে। কোনো কোনো নেতা আলাদা গুরুত্ব পাচ্ছেন। তিনি বলেন, বিভ্রান্তিকর জরিপের মাধ্যমে জনমতকে বিশেষ দিকে প্রভাবিত করা হচ্ছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, দেশে ভীতকর পরিবেশ তৈরি করা হচ্ছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় জামিয়া রশিদীয়া গোয়ালখালী মাদ্রাসা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরাও শোকাহত। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসন বিশেষ একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। কিন্তু লুট করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না।’
তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, দেশের অভ্যন্তরে একটি দুষ্টচক্র নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টায় আছে। তাই তারা সহিংসতার পথে হাঁটছে। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, আপনারা এই খুনি চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ান। দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা করুন।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দলীয় অস্ত্রধারীরা ঘাপটি মেরে বসে আছে। তারা জুলাই বিপ্লবীদের স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। জুলাইয়ের অগ্র সৈনিক শরীফ ওসমান হাদিকে দিনদুপুরে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু তার হত্যাকারীদের ধরতে সরকার ব্যর্থ হয়েছে।’
সময়ের আলো/কেএইচও