ইসরায়েল কর্তৃক অধিকৃত পূর্ব জেরুজালেমের পূর্ব অংশে অবস্থিত বেদুইন সম্প্রদায় এবং আল-ইজারিয়া পৌর কর্তৃপক্ষকে একটি বড় বসতি প্রকল্প বাস্তবায়নের জন্য ৪৫ দিনের নোটিশ দিয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেরুজালেম গভর্নরেটের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
গভর্নরেটের বিবৃতিতে বলা হয়েছে, এই নোটিশটি ‘লাইফ ফ্যাব্রিক’ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত। প্রকল্পটি ই–১ এলাকায় দখল বৃদ্ধি এবং ইসরায়েলের দীর্ঘদিনের সংযুক্তিকরণ পরিকল্পনা কার্যকর করার অংশ হিসেবে ধরা হচ্ছে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো আদুমিম এবং জেরুজালেমের মধ্যে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য একনিষ্ঠ ভৌগোলিক সংযোগ তৈরি করা, যা অধিকৃত পশ্চিম তীরকে কার্যত দুইভাগে বিভক্ত করবে এবং এর প্রায় ৩ শতাংশ এলাকা ইসরায়েলের তথাকথিত ‘গ্রেটার জেরুজালেম’ পরিকল্পনার আওতায় চলে যাবে।
ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই প্রকল্পের ফলে যান চলাচলে বৈষম্যমূলক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারে। ফিলিস্তিনিদের হাইওয়ে–১ থেকে সরিয়ে জাঈম চেকপয়েন্টের কাছে অবস্থিত একটি ভূগর্ভস্থ টানেলের মধ্য দিয়ে যেতে বাধ্য করা হবে, যেখানে মূল সড়ক কেবল অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য সংরক্ষিত থাকবে।
গভর্নরেটের তথ্য অনুযায়ী, প্রকল্প বাস্তবায়িত হলে জাবাল আল-বাবা ও ওয়াদি আল-জামাল এলাকার বেদুইন সম্প্রদায় এবং আল-ইজারিয়া শহর আরও বিচ্ছিন্ন হয়ে যাবে। ইতোমধ্যেই সাম্প্রতিক সময়ে প্রায় ৪৩টি প্রাথমিক নোটিশ প্রদান করা হয়েছে, যার ফলে ডজনখানেক স্থাপনা ভাঙা এবং বাসিন্দাদের উচ্ছেদের আশঙ্কা দেখা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ব্যয়ে প্রকল্পটি অর্থায়ন করা হচ্ছে ফিলিস্তিনিদের প্রাপ্য ক্লিয়ারেন্স রাজস্ব থেকে, যা ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নির্দেশে আটকে রাখা হয়েছে। আন্তর্জাতিক মহলে প্রকল্পটি ফিলিস্তিনিদের স্বার্থে দেখানোর চেষ্টা করা হলেও, প্রকল্প নথিতে স্পষ্টভাবে উল্লেখ আছে, মূল উদ্দেশ্য হলো অবৈধ বসতি স্থাপনকারীদের চলাচল সহজ করা।
/ইউএমএইচ