নোয়াখালীর হাতিয়ায় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত রোলারচাপায় মো. আজিম (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিম পৌরসভার পশ্চিম বেজুগালিয়া গ্রামের কৃষক বেলাল উদ্দিনের ছেলে। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানান, সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে রোলার দিয়ে সড়ক নির্মাণকাজ চলছিল। শিশু আজিম কৌতূহলবশত রোলারটি দেখতে যায়। অসাবধানতাবশত তার একটি পা রোলারের ভেতরে ঢুকে যায়। পরে আজিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা বেলাল উদ্দিন জানান, ‘রোলারের চালক নতুন। সকালে আমি বলেছিলাম, এটা ঘনবসতিপূর্ণ এলাকা। সাবধানে কাজ করতে। আমার কথা শুনলে আজ আমার ছেলেটা বেঁচে থাকত। আমি সন্তানের মৃত্যুর সুষ্ঠু বিচার চাই।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। উপজেলা ও পৌরসভা প্রশাসন নিহত শিশুর পরিবারের পাশে থাকবে। যেকোনো প্রয়োজনে পরিবারটি আমাদের সহযোগিতা পাবে।’
আরআর