আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ বিভাগ এবং সংস্থার সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা করছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলার সমন্বয় সভা শুরু হয়।
বৈঠকে উপস্তিত রয়েছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।
এ ছাড়াও জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতিনিধি বৈঠকে উপস্থিত রয়েছেন।
এ সময় কমিশনার সানাউল্লাহ বলেন, ‘সারাদেশে নির্বাচন নিয়ে যে সমন্বয় কমিটি করা হয়েছে সেখানে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। একইসঙ্গে এই ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি।’
তিনি আরও বলেন, ‘ভোটকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আগাম প্রস্তুতি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।’
নির্বাচন কমিশন সূত্র জানায়, এই বৈঠকের মাধ্যমে নির্বাচনের আগে ও ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি সমন্বিত কৌশল চূড়ান্ত করা হবে।
সময়ের আলো/এনএ