পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ সোমালিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন রাখে।
শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ২২তম বিশেষ পররাষ্ট্র মন্ত্রী পরিষদের অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অধিবেশনটি আহ্বান করা হয়, কারণ সোমালিয়ার একটি অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর প্রভাব ফেলতে পারে। এছাড়া এ সিদ্ধান্তের বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাবও আলোচনার বিষয় ছিল।
অধিবেশনে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক আইন রক্ষা, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় ওআইসির সঙ্গে সম্পূর্ণ একাত্ম। তিনি ইসরায়েলের স্বীকৃতি স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসিকে আহ্বান জানান। পাশাপাশি, সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আপসযোগ্য নয়। অবৈধ আলোচনা বা উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য নয়। ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাই একতরফা চাপের রাজনীতির চেয়ে প্রাধান্য পাবে।
ওআইসির বিশেষ অধিবেশনে বিপুল সংখ্যক সদস্য রাষ্ট্রের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি প্রকাশ করা হয়।
/ইউএমএইচ