প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম আপডেট: ১১.০১.২০২৬ ৩:১৫ পিএম
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার আপিল শুনানি শেষে তা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
কমিশন সূত্রে জানা গেছে, মামলা নিষ্পত্তি থাকায় তার আপিল মঞ্জুর করা হয়েছে।
এর আগে গত ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে। তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি।
তিনি আরও বলেন, হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর তিনি স্বাক্ষর করেছেন। তিনি সম্পদ বিবরণীর ফরম দাখিল করেননি। এসব অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছিল।
সময়ের আলো/কেএইচও