ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না- এই অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে পাকিস্তানের ভেন্যুগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আইসিসি চাইলে পাকিস্তান বিকল্প ভেন্যু হিসেবে এগিয়ে আসতে পারে।
ঘটনার সূত্রপাত হয় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে। ভারতীয় গণমাধ্যমের একাংশের দাবি, উগ্রবাদী চাপের মুখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কেকেআর, আইপিএল কর্তৃপক্ষ বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।
এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কের উত্তেজনা ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে কূটনৈতিক পর্যায়েও পৌঁছেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আইসিসিকে জানানো হয়েছে- ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ দল।
আরও পড়ুন
এ বিষয়ে সমাধান খুঁজতে আইসিসির চেয়ারম্যান জয় শাহর সঙ্গে বিসিসিআই কর্মকর্তাদের গুজরাটের বরোদরায় একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠক আদৌ অনুষ্ঠিত হয়েছে কি না, এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে পিসিবির দায়িত্বশীল এক সূত্র জিও নিউজকে জানিয়েছে, শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে পাকিস্তান সহজেই বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে পারবে। সাম্প্রতিক বছরগুলোতে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ও নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সফলভাবে আয়োজন করে পাকিস্তান আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন করেছে বলেও দাবি করেছে পিসিবি।
সূত্র আরও জানায়, আইসিসি চাইলে পাকিস্তানের সব স্টেডিয়ামই বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেয়নি পিসিবি, তবে বিসিবির ভারতে না খেলার সিদ্ধান্তকে তারা সমর্থন করছে।
বর্তমান সূচি অনুযায়ী, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এএডি/