কিশোরগঞ্জের কটিয়াদীতে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে হানিফ মিয়া নামে ব্যক্তির একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার সকালে উপজেলার চান্দপুর ইউনিয়নের পূর্ব মণ্ডলভোগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছয় মাস পূর্বে ইসমাইল মিয়া ও প্রতিপক্ষ হানিফ মিয়ার মধ্যে সালিশ দরবার হয়। সালিশ শেষে উসকানিমূলক কথাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনায় বেশ কয়েকজন আহত ও উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা করে। সেই ঘটনায় আহতরা সুস্থ হয়ে রোববার সকালে উভয়পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়।
এতে প্রতিপক্ষের হামলায় হানিফ মিয়ার (৪৮) একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মানিক মিয়া (৫৯), হারুন মিয়া (৫০), শাহ আলম (৩০), রবিন (৩২) ও সুমন (২৫) গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
চান্দপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল মিয়া বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছয় মাস পূর্বে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছিল। তারা সুস্থ হয়ে পুনরায় সংঘর্ষে জড়ায়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্বের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের মামলা বিচারাধীন। এ ঘটনার লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
এফআর