চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে ১১২ কোটি ৭০ লাখ বা ১ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানা গেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স।
রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন বলেন, ‘চলতি জানুয়ারির প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১২ কোটি ৭০ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’
তিনি আরও বলেন, ‘১০ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে ৫ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৭৩৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ শতাংশ।’
এর আগে, গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়।
সময়ের আলো/কেএইচও