বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর দর্শকদের দারুণ সাড়া পাচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট ম্যাচের মধ্য দিয়ে প্রায় শেষ হতে চলেছে সিলেট পর্ব।
সোমবার (১২ জানুয়ারি) সিলেট অধ্যায়ের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ, ফাইনালসহ, অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিলেট পর্বের শেষ দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানস মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। দিনের দ্বিতীয় ও সিলেট পর্বের শেষ ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
এদিকে ঢাকা পর্বের ম্যাচগুলোর জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকরা সর্বনিম্ন ২০০ টাকায় বিপিএলের খেলা উপভোগ করতে পারবেন। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
আরও পড়ুন
নর্দার্ন গ্যালারি এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে টিকিটের মূল্য ৫০০ টাকা। জিরো ওয়েস্ট জোনের টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়।
এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিটের দাম ৮০০ টাকা এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের মূল্য এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বেশি দামের টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের, যার মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রংপুর রাইডার্স। রংপুরের সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে সিলেট টাইটানস। তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী দল।
এএডি/