ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে গুরুতর আইনি ঝামেলায় জড়িয়েছেন অভিনেত্রী ও রিয়ালিটি শো তারকা খুশি মুখার্জি। তার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সূর্যকুমার যাদব বা খুশি মুখার্জি- কেউই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।
রোববার (১১ জানুয়ারি) সকালে খুশির একটি ফেসবুক ভিডিও নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করে। সেখানে তিনি আবেগতাড়িত কণ্ঠে বলেন, ‘ওরা খুব শক্তিশালী। আমাকে বাঁচতে দেবে না।’
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সূর্যকুমার যাদবের জন্মস্থান উত্তর প্রদেশের গাজিয়াবাদ আদালতে মামলাটি করা হয়েছে। ফয়জান আনসারি নামে এক ব্যক্তি অভিযোগে উল্লেখ করেন, খুশি মুখার্জি ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও অসত্য বক্তব্য ছড়িয়ে তারকা ক্রিকেটারের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন।
মামলায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি অভিনেত্রীকে দ্রুত গ্রেফতারের আবেদনও জানানো হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও একাধিক সাক্ষাৎকারে খুশি মুখার্জি দাবি করেন, সূর্যকুমার যাদব নাকি তাকে গভীর রাতে ব্যক্তিগত বার্তা পাঠাতেন। এমনকি তাদের মধ্যে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল- এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন তিনি। এসব বক্তব্য ঘিরেই ক্রিকেট অঙ্গন ও নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম নেয়।
আরও পড়ুন
ভিডিওতে তিনি অভিযোগ করেন, তার ওপর কালো জাদু করা হচ্ছে, শরীরে অজানা আঁচড়ের দাগ দেখা যাচ্ছে, মাঝরাতে অপরিচিত নম্বর থেকে ফোন আসছে এবং তার বাসার দরজায় জোরে আঘাত করা হচ্ছে। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন।
উল্লেখ্য, খুশি মুখার্জি টেলিভিশন ধারাবাহিক ও কয়েকটি চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও জনপ্রিয়তা পান রিয়ালিটি শো ‘স্প্লিটস ভিলা’-এর মাধ্যমে। এর আগে সাহসী পোশাকে জনসমক্ষে উপস্থিত হয়ে আলোচনায় এসেছিলেন তিনি।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে খুশি দাবি করেছিলেন, বহু ক্রিকেটার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। সেখানে তিনি বলেন, ‘অনেক ক্রিকেটারই আমার পেছনে ছিল। সূর্যকুমার যাদবও একসময় আমাকে নিয়মিত মেসেজ করত।’
সেই বক্তব্যই শেষ পর্যন্ত তাকে বড় ধরনের আইনি জটিলতার মুখে ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, মামলাটির পরিণতি কোন দিকে গড়ায় এবং এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী অবস্থান নেন অভিযুক্ত অভিনেত্রী।
এএডি/