ভাদোদারায় রোববার প্রথম ওয়ানডেতে কিউইদের ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ভারত।
চমৎকার ব্যাটিংয়ে ওয়ানডেতে আরেকটি সেঞ্চুরির কিনারে ছিলেন ভিরাট কোহলি। কিন্তু অল্পের জন্য পাওয়া হয়নি তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। তার বিদায়ের পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। তবে শেষ দিকে নিউ জিল্যান্ডের বাজে ফিল্ডিংয়ে জয় নিয়েই মাঠ ছাড়ল স্বাগতিকরা।
শতরানের উদ্বোধনী জুটির পর ব্যাটিং বিপর্যয়ে পড়া নিউ জিল্যান্ডকে ৩০০ রানের পুঁজি এনে দেন ড্যারিল মিচেল। ৩ ছক্কা ও ৫ চারে সর্বোচ্চ ৮৪ রান করেন তিনি। ১ ছক্কা ও ৬ চারে ৫৬ রান করেন ডেভন কনওয়ে, ৮ চারে ৬২ রান আসে হেনরি নিকোলসের ব্যাট থেকে।
রান তাড়ায় সব আলো কেড়ে নেন কোহলি। ১ ছক্কা ও ৮ চারে ৯১ বলে ৯৩ রানে আউট হয়ে যান তিনি আক্ষেপ নিয়ে। টানা পাঁচটি ওয়ানডেতে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন ভারতের ব্যাটিং গ্রেট। যার মধ্যে দুটিতে পেয়েছেন সেঞ্চুরি।
এবারের ইনিংসের পথে সাচিন টেন্ডুলকারকে (৬৪৪ ইনিংস) ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের রেকর্ডও গড়েন কোহলি (৬২৪ ইনিংস)।
কোহলি যখন বিদায় নেন, তখন ৬৫ বলে ৬৭ রান লাগে ভারতের। কিন্তু এরপর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় তারা। প্রতিপক্ষকে আরও চেপে ধরার সুযোগ হাতছাড়া করে কিউইরা হার্শিত রানা ও ওয়াশিংটন সুন্দারের ক্যাচ ছেড়ে। সঙ্গে এলোমেলো ফিল্ডিং তো ছিলই।
শেষ পর্যন্ত ৬ বল বাকি থাকতে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন লোকেশ রাহুল। কোহলি ছাড়া ফিফটি করেন দলে ফেরা অধিনায়ক শুবমান গিল ২ ছক্কা ও ৩ চারে করেছেন ৫৬। আর চোট কাটিয়ে ফেরা সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার করেন ১ ছক্কা ও ৪টি চারে ৪৯।
রাজকোটে সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী বুধবার।
সময়ের আলো/এআর