ইরাকের কিরকুক শহরে তীব্র বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। শহরের তেসিন এলাকার মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় রাতে রাস্তায় নেমে তারা এ প্রতিবাদ জানান। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় আকারের আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
রোববার (১১ জানুয়ারি) সংবাদমাধ্যম শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে ইরাকের কিরকুক শহরে তেসিন পাড়ার বাসিন্দারা দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিক্ষোভ করেছেন। কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না নেয় তাহলে বিক্ষোভ আরও বড় আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বারবার অভিযোগ জানানো হলেও বিদ্যুৎ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।
স্থানীয় বাসিন্দা আলী কানবার বলেন, ‘আমরা অসহনীয় অবস্থায় পৌঁছে গেছি। দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, অথচ আমাদের কথা কেউ শুনছে না।’
আরেক বিক্ষোভকারী আব্বাস হুসেইন বলেন, ‘আন্দোলনটি শান্তিপূর্ণ ছিল। তবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তারা রাস্তায় টায়ার জ্বালিয়েছেন।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল করার জন্য তারা প্রশাসনকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন।’
বিক্ষোভকারীরা স্থানীয় সরকার ও বিদ্যুৎ বিভাগকে অবিলম্বে রক্ষণাবেক্ষণ কাজ শুরু করা এবং বিদ্যুৎ নেটওয়ার্কের ত্রুটি দ্রুত মেরামতের দাবি জানান।
সময়ের আলো/কেএইচও