খুলনার শিরোমনির সিআইডি দফতরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সিআইডি কার্যালয়ের পাঁচ তলা ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। ওই আগুন সমস্ত কক্ষে ছড়িয়ে পড়ে। কিছু আসবাবপত্র পুড়ে যায়। পরবর্তীতে এসির বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।
খুলনা খান জাহান আলী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বলেন, দুপুর ১টা ৫০ মিনিটের খবর পেয়ে আমরা এসে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। অফিসটি গত চার দিন ধরে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অন্য কোনোভাবে আগুন লেগেছে কিনা সেটা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বলতে পারব।
এমএইচজে/আরআর