ইরানের সরকারবিরোধী চলমান বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হওয়া এক তরুণ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে দেশটি।
সোমবার (১২ জানুয়ারি) মানবাধিকার সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানানো হয়েছে।
ইরান হিউম্যান রাইটস ও ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরানের তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী ইরফান সোলতানিকে গত সপ্তাহে কারাজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার পরিবারকে জানানো হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আগামী ১৪ জানুয়ারি সেই দণ্ড কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোঘাদ্দাম এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে দমন–পীড়ন চলছে, তা ১৯৮০–এর দশকে ইরানে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যেগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর বন্ধের আহ্বান জানিয়েছে। সংস্থাটি দাবি করেছে, ইরানের স্বাধীনতা চাওয়াই ছিল তার একমাত্র ‘অপরাধ’ এবং বিচার প্রক্রিয়ায় তাকে আইনজীবী নিয়োগের সুযোগও দেওয়া হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম ইউএস সানের তথ্যমতে, সোলতানির বিরুদ্ধে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার অভিযোগ আনা হয়েছে, যা ইরানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। তবে ফক্স নিউজ জানিয়েছে, দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে ইরান সরকার সতর্ক করে জানায়, বিক্ষোভের নামে যারা সরকারি সম্পদের ক্ষতি করবে, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।
/ইউএমএইচ