চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে থাকা অবস্থায় শামসুজ্জামান ডাবলু নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার বসুতি পাড়ার মৃত আতাউর রহমানের ছেলে এবং জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে ১১টা পর্যন্ত জীবননগর সড়কে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান জানান, শামসুজ্জামান ডাবলুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, এ ঘটনার সর্বোচ্চ তদন্ত করা হবে। যারাই অভিযুক্ত হোক তাদের আইনের আওতায় আনা হবে।
বিএনপির নেতাকর্মীদের দাবি, আটকের পর সেনাবাহিনীর সদস্যরা শামসুজ্জামান ডাবলু উপর নির্যাতন চালিয়েছেন। একপর্যায়ে মারা যান ডাবলু।
এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে শামসুজ্জামান ডাবলুকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। তার কিছুক্ষণ পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
সময়ের আলো/আআ