ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আগামী বৃহস্পতিবার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবেই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।
কূটনৈতিক সূত্র জানায়, সোমবার ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। চলতি সপ্তাহেই পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকায় তার কূটনৈতিক দায়িত্ব শুরু করবেন।
পরিচয়পত্র পেশের আগে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় প্রস্তুতি নেবেন।
এর আগে ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ব্রেন্ট ক্রিস্টেনসেন শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস।
শপথ গ্রহণের পর ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে তিনি আগেই পরিচিত এবং আবার ঢাকায় ফিরতে পেরে তিনি আনন্দিত। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করতে ঢাকার মার্কিন দূতাবাসের টিমের নেতৃত্ব দিতে তিনি আগ্রহী বলেও জানান।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং এর আগেও ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর আগে পিটার হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন, যিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্বে ছিলেন।
/ইউএমএইচ