বিশ্বভ্রমণের অংশ হিসেবে ঢাকায় পৌঁছেছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্মারক ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বিশ্বকাপের সোনালি ট্রফি। এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখল বিশ্বকাপের ট্রফিটি।
বর্ণাঢ্য এই ট্রফি ট্যুর কেন্দ্র করে দেশের ফুটবল ভক্তদের মাঝে বইছে ব্যাপক উচ্ছ্বাস। তবে নিরাপত্তার খাতিরে এবং বিশেষ ব্যবস্থাপনায় এবার সবাই ট্রফিটি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না। কেবল কোকা-কোলার বিশেষ ক্যাম্পেইনে অংশ নেওয়া বিজয়ীরাই ট্রফিটি কাছ থেকে দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন। গত ৮ জানুয়ারি এই ক্যাম্পেইনটি শেষ হয়েছে। যারা নির্দিষ্ট প্রোমোশনাল বোতল কিনে কুইজে অংশ নিয়ে ‘বিশেষ পাস’ জিতেছেন, তারাই এই এক্সক্লুসিভ আয়োজনের অংশ হতে পারবেন।
বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম সময়ের আলোকে বলেন, আজ এক দিনই থাকবে সংক্ষিপ্ত সফরে। আমাদের যেটা বলা হয়েছে ১০টায় আসবে। এয়ারপোর্ট থেকে সোজা ওটা হোটেলে চলে যাবে। হোটেলে পাঁচ ঘণ্টার ভিউয়িং আছে। এরপরে আর কিছু নেই। তারপর ওটা আবার রেস্টে চলে যাবে। রাতে আবার ওটা কোকের নিজস্ব একটা অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানে যাবে। তারপর চলে যাবে। যে ফ্যানরা কোক কিনে রেজিস্ট্রেশন করে একটা প্রসেসের মাধ্যমে সিলেক্ট হয়েছে তারাই ছবি তোলার সুযোগ পাচ্ছে। এটা নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রেস ব্রিফও নেই।
ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের এই ষষ্ঠ আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত শনিবার সৌদি আরবের রিয়াদে। ২০০৬ সালের বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো এই বিশ্বভ্রমণের উদ্বোধন করেন। সেখানে দেল পিয়েরো শিশুদের নিয়ে আয়োজিত ফুটবল ক্লিনিকেও অংশ নেন। বিশ্বজুড়ে ট্রফির দীর্ঘ সফর এবারের সফরে ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি ৩০টি দেশের মোট ৭৫টি গন্তব্য ভ্রমণ করবে। ১৫০ দিনেরও বেশি সময় ধরে চলা এই সফরের মাধ্যমে বিশ্বজুড়ে হাজারো ফুটবলপ্রেমী ফুটবলের সর্বোচ্চ এই পুরস্কারটি দেখার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশ যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করবে। ৪৮টি দলের এই আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কোকা-কোলা ও ফিফা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ট্রফি ট্যুর ফুটবলপ্রেমীদের আবেগের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার একটি অনন্য মাধ্যম। সংক্ষিপ্ত সফর হলেও এই মর্যাদাপূর্ণ ট্রফির ঢাকায় আগমন বাংলাদেশের ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
আরআর