৩৭ বছরে এসেও ব্যাট হাতে রানের ফোয়ারা ঝরছে ভিরাট কোহলির ব্যাটে। এর সুবাধে দীর্ঘ সাড়ে ৪ বছর ফিরেছেন পুরনো সিংহাসনে। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশ করে আইসিসি। যেখানে এক ধাপ এগিয়ে সাড়ে চার বছর পর ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ফিরেছেন কোহলি।
ভাদোদারায় গত রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০১ রানের লক্ষ্য তাড়ায় অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি কোহলি। এক ছক্কা ও ৮ চারে ৯১ বলে ৯৩ রান করে বিদায় নেন তিনি।
ওয়ানডেতে সবশেষ পাঁচ ইনিংসেই পঞ্চাশোর্ধ রান করেন কোহলি। যার মধ্যে দুটিতে পান সেঞ্চুরির স্বাদ। কিউইদের বিপক্ষে ইনিংসটির পথে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজারের রানের রেকর্ড গড়েন তিনি।
৪ উইকেটে জেতা ম্যাচের ওই পারফরম্যান্সে ২০২১ সালের জুলাইয়ের পর ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন কোহলি। ২০১৩ সালের অক্টোবরে প্রথমবার চূড়ায় উঠেছিলেন তিনি। এনিয়ে ১১তম বার এক নম্বরে উঠলেন ডানহাতি এই ব্যাটসম্যান
এখন পর্যন্ত সব মিলিয়ে এই সংস্করণে ৮২৫ দিন শীর্ষে কোহলি, ভারতীয়দের মধ্যে যা রেকর্ড। সবচেয়ে বেশি দিন র্যাঙ্কিংয়ে চূড়ায় থাকাদের মধ্যে তার অবস্থান দশম। ২ হাজার ৩০৬ দিন শীর্ষে থেকে তালিকায় সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ভিভিয়ান রিচার্ডস। দুই হাজার দিন সিংহাসনে ছিলেন আর কেবল আরেক ক্যারিবিয়ান গ্রেট ব্রায়ান লারা, ২ হাজার ৭৯ দিন।
কোহলির রেটিং পয়েন্ট এখন ৭৮৫। স্রেফ এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নিউ জিল্যান্ডের ড্যারেল মিচেল। সবশেষ ওয়ানডেতে ৮৪ রান করেছিলেন তিনি।
এক নম্বর থেকে দুই ধাপ অবনতি হয়েছে রোহিত শার্মার। ভারতের সাবেক অধিনায়ক আছেন এখন তিনে। শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই।
নিউ জিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে তিন ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় উল্লেখ করার মতো আর তেমন কোনো বদল আসেনি।
এই সংস্করণের বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নেই পরিবর্তন। আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান।
কিউইদের হারনোর পথে ৪০ রানে ২ উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়েছেন মোহাম্মেদ সিরাজ। মেহেদী হাসান মিরাজের সঙ্গে যৌথভাবে পঞ্চদশ স্থানে আছেন ভারতীয় পেসার।
দল হারলেও দুর্দান্ত বোলিংয়ে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন কাইল জেমিসন। ৪১ রানে ৪ উইকেট নেওয়া পেসার ২৭ ধাপ এগিয়ে এখন ৬৯ নম্বরে।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।
সময়ের আলো/এআর