আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার। অন অ্যারাইভাল ভিসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই এ নির্দেশনা প্রযোজ্য হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে সংসদ নির্বাচন দেখতে চাওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ করা যাবে। এ ছাড়া বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ ও পরবর্তীতে জারীকৃত অন্যান্য প্রজ্ঞাপনের শর্তাবলী যথাযথভাবে অনুসরণ ও প্রযোজ্য ডকুমেন্টস যাচাইপূর্বক বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাস হতে সুনির্দিষ্ট ভিসা প্রদান করবে। ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে জারীকৃত পরিপত্রের শর্তাবলী যথাযথভাবে অনুসরণপূর্বক বিনা ভিসায় আগতদের আগমনী ভিসা প্রদান করবে। আগমনী ভিসা প্রদানের ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি, হোটেল ও আবাসস্থল, ফিরতি টিকেট ইত্যাদির প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে সম্পূর্ণ সন্তুষ্ট হতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম বা ব্যত্যয় বা সন্দেহের ক্ষেত্রে ভিসা দেওয়া যাবে না। বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
এতে আরও বলা হয়, নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রযোজ্য ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ পর্যবেক্ষণের জন্য আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচনকালীন সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ সম্বলিত সিলসহ আগমনী ভিসা প্রদান করবে। নির্বাচন কমিশন এর সুপারিশের ভিত্তিতে নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফপূর্বক আগমনী ভিসা প্রদান করা যাবে। বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরসহ স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান, আগমন, প্রস্থানের সময় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করবে।
বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, স্পেশাল ব্রাঞ্চ এবং বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরসহ স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্যাদি প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের (বহিরাগমন অনুবিভাগ) প্রদত্ত ইমেইল [email protected] প্রেরণ করবে।
সময়ের আলো/এনএ