বাংলাদেশের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ভারতে

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশের খেলতে না যাওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতের ক্রিকেট মহলে।কেউ বাংলাদেশের বিপক্ষে কেউ আবার পক্ষেও কথা বলছেন। কারো

2026-01-14T18:24:23+00:00
2026-01-14T18:29:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ভারতে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:২৪ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৬:২৯ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশের খেলতে না যাওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতের ক্রিকেট মহলে। কেউ বাংলাদেশের বিপক্ষে কেউ আবার পক্ষেও কথা বলছেন। কারো কারো মতে, যে রাজনীতি আর কূটনীতি সব খেলাকে প্রভাবিত করে, তা আলাদা থাকবে কীভাবে?

এদিকে বাংলাদেশের জার্সি গায়ে সমর্থকদের নিরাপত্তা দেওয়া যাবে কি না বলে যে প্রশ্ন তোলা হয়েছে, সেটিকে অবান্তর বলছেন কেউ কেউ, কারণ ভারত তো এখন মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশিদের একরকম ভিসা দেওয়াই বন্ধ রেখেছে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ক্রিকেট ভক্তরা ভারতে আসবেন কী করে?

কলকাতার ক্রিকেট ভক্ত আর বিশেষজ্ঞদের বেশিরভাগই মানছেন যে মোস্তাফিজুর রহমানকে নিলামে তুলে, দলে নিয়েও তারপরে না খেলতে দেওয়াটা অনুচিত হয়েছে বিসিসিআইয়ের। বাংলাদেশি প্লেয়ারদের খেলতে না দেওয়ার সিদ্ধান্তটা আগেই কেন নেওয়া হলো না?
 
বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কলকাতাকে ক্ষতির সম্মুখীন হতে হবে বলে মনে করছেন অনেকে। কারণ হিসাবে তারা বলছেন কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের যে তিনটি ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু এখন হয়ত বদলি ম্যাচ আর নাও পেতে পারে। 

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যেসব অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতেই দাবি উঠেছিল যে মোস্তাফিজকে যেন কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়। এই রাজনৈতিক দাবি কলকাতা বা পশ্চিমবঙ্গে থেকে খুব বেশি না উঠলেও ভারতের অন্যান্য প্রান্তের বিজেপি নেতাদের একাংশ তুলতে শুরু করেছিলেন। তারপর তা জায়গা করে নেয় দেশটির জাতীয় গণমাধ্যমের একাংশে এবং এরপর বিসিসিআই সিদ্ধান্ত নেয় যে মুস্তাফিজকে খেলতে দেওয়া যাবে না।

ক্রিকেটের মাঠের ওপরে এই রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া অবাঞ্ছনীয় ছিল বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক নির্বাচক সম্বরণ ব্যানার্জী। 

তার কথায়, বাংলাদেশে যা ঘটে চলেছে, সেদিক থেকে দেখতে গেলে হয়ত মোস্তাফিজকে খেলতে না দেওয়াটা ঠিক সিদ্ধান্ত। কিন্তু কলকাতা নাইট রাইডার্সে নেওয়ার আগে সেটা জানালে ভালো হতো। তবে আমার মতে খেলার মাঠে রাজনীতি আসাটা অনুচিত। কোনও প্লেয়ারকেই বঞ্চিত করাটা উচিত নয়। আমাদের কাছে খেলাটাই তো সব –খেলতে বাধা দেওয়া ঠিক না।

কলকাতার ‘এই সময়’ পত্রিকার ক্রীড়া সাংবাদিক ও কলকাতা স্পোটর্স জার্নালিস্টস ক্লাবের সচিব অর্ঘ্য ব্যানার্জী বলছিলেন, নিলামের আগেই যদি বিসিসিআই ঘোষণা করত যে বাংলাদেশি প্লেয়ারদের খেলানো যাবে না, তাহলে তো ব্যাপারটা এতদূর গড়াত না। আগেই সামলে নেওয়া যেত। যে-রকম পাকিস্তানের প্লেয়ারদের খেলতে দেয় না, সেরকম বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে আগেভাগেই জানাতে পারত বিসিসিআই। 


কলকাতার ক্রিকেট ভক্তদের একাংশেরও মোস্তাফিজকে খেলতে না দেওয়া নিয়ে অনেকটা একই মতামত। টেলিকম শিল্পের একজন বিশেষজ্ঞ ও ক্রিকেট ফ্যান অমিতাভ বিশ্বাসের কথায়, মোস্তাফিজুর রহমানের ব্যাপারে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা তো আদতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। এটা অনুচিত হয়েছে। বিসিসিআই তো আগে ঠিক করতে পারত যে পাকিস্তানের মতোই বাংলাদেশের কোনও প্লেয়ারকে নিলামে তোলা যাবে না! সরকারি কর্মচারী শান্তনু রায়ের কথায়, আইপিএলের দলে নিয়েও ভারত যেভাবে মোস্তাফিজুরকে বাদ দিল, সেটাকেই সুযোগ হিসাবে কাজে লাগালো বাংলাদেশ বোর্ড।

কলকাতার বিশ্লেষক ও ক্রিকেট মহল বলছে, একটা সময়ে ভারত আর পাকিস্তানের ম্যাচ নিয়ে এ ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হতো, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে ভারত-বাংলাদেশের খেলাতেও এখন সেই ব্যাপারটা চলে এলো। 

সিনিয়র ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী বলছিলেন, ভারত আর পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক, তার প্রভাব খেলার মাঠে অনেকদিন ধরেই পড়ছে। তবে একটা সময়ে কিন্তু মাঠে সেই বৈরিতা ছিল না।

‘এই সময়’ সংবাদপত্রের ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য ব্যানার্জীর কথায়, ভারত পাকিস্তানের ম্যাচে যে বৈরিতা দেখা যেত, এখন বাংলাদেশও সেরকম একটা ব্যাপারে জড়িয়ে পড়ল। খেলার মাঠে রাজনীতি আসা উচিত নয়, কিন্তু তা আটকানোর কোনও উপায়ও নেই। তবে এই প্রথমবার তো নয়, খেলা নিয়ে রাজনীতি আগে থেকেই হয়ে আসছে।

ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার উৎপল চ্যাটার্জী অবশ্য বলছেন, অলিম্পিক থেকে শুরু করে সব ক্রীড়াঙ্গনেই তো রাজনীতি আর কূটনীতি জড়িয়ে আছে। যখন দুই দেশের সম্পর্কে টানাপড়েন চলে, তখন তো রাজনীতি আসবেই। ক্রিকেটের ময়দান এর থেকে বাদ যাবে কেন?
 
সময়ের আলো/এআর


  বিষয়:   বাংলাদেশ  মিশ্র  প্রতিক্রিয়া  ভারত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: