রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের একজন উজ্জ্বল নক্ষত্র। আকাশে অনেক তারা জ্বলে এবং নিভে যায়, কিন্তু বেগম জিয়ার সবার মাঝে আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহী জেলা বিএনপি আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, তিনি আমাকে অনেক দিয়েছেন। তিনি ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পদ দিয়েছেন। আমি ওই সময়ে কনিষ্ঠ মেয়রও ছিলাম। তিনি শুধু আমাকে মিজান বলে ডাকতেন। স্বৈরাচার খুনি হাসিনা বিরোধী আন্দোলনে আপসহীনভাবে নেতৃত্ব দিয়েছেন। সারা বিশ্বের কাছে তাঁর সততা ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে। ফলে তিনি সবার কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছিলেন।
তিনি আরও বলেন, রাজশাহীর কর্মীরা সবাই স্থির, সবাই একে অপরের পরিপূরক। স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে বুলেটের সামনে দাঁড়িয়েছে আগামীতেও তাই হবে। বিগত দিনে যেভাবে রাজশাহী বিভাগে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। এবারও রাজশাহীর ৩৯টি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবে।
বিএনপির নেতা মিনু বলেন, বেগম জিয়া চলে গেলেও আগামীতে তারেক রহমানকে সঙ্গে নিয়ে পথ চলবেন নেতাকর্মীরা। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়ার পথ অনুসরণ করছেন তারেক রহমান।
রাজশাহী মহানগরীর সাহেববাজার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন, নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয় সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল ও দেবাশীষ রায় মধু প্রমুখ।
সময়ের আলো/আআ