নড়াইলের লোহাগড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান এ তথ্য জানান।
আটক চারজন হলেন, উপজেলার দিঘলিয়া গ্রামের তোফায়েল মণ্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের মো. রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বইশখালি গ্রামের ইসমাইল হোসনে ওরফে পিন্টু (৫০) এবং একই এলাকার আমিনুর গাজী (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া সেনাক্যাম্প ও থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া গ্রামের তোফায়েল মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই বাড়ি থেকে একটি চাইনিজ ৭ দশমিক ৬২ মি.মি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরর্বতীতে আটক তোফায়েলের দেওয়া তথ্যেরে ভিত্তিতে আগ্রাহাটি এলাকার একটি মাছের ঘের থেকে রাসেল, পিন্টু ও আমিনু নামে আরও তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, আটশ পিস গুলি, মাদকদ্রব্য এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আআ