বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার কার্যকর সমন্বয়ের মাধ্যমেই সবুজ শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, সৃজনশীলতা ও সবুজ শিল্পায়ন বিষয়ক দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সবুজায়ন কেবল প্রতীকী কর্মকাণ্ডে সীমাবদ্ধ না রেখে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বৈজ্ঞানিক সমাধানের দিকে মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবন অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, ‘দেশে বিজ্ঞানচর্চা ও গবেষণায় উৎসাহ বাড়াতে বিশ্ববিদ্যালয়, সরকার এবং বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।’
তিনি বেসরকারি খাতের সম্পৃক্ততার মাধ্যমে গবেষণার ফলাফলকে বৃহৎ পরিসরে প্রয়োগ ও বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, ‘এ ধরনের সম্মেলনের আলোচনালব্ধ সুপারিশ ভবিষ্যতে নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সম্মেলন আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পৃষ্ঠপোষক ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শিক্ষা উপদেষ্টা সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।
সময়ের আলো/এনএ