নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না—এ ঘোষণা দিয়েছে নোবেল পিস সেন্টার। ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কারের মেডেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ দিয়েছেন বলে জানিয়েছেন। তবে তার এ ঘোষণার কয়েক ঘণ্টা আগেই নোবেল পুরস্কার হস্তান্তর করা যায় না বলে ব্যাখ্যা দিয়েছেন প্রতিষ্ঠানটি।
৬ দশমিক ৬ সেন্টিমিটার আকারের নোবেল মেডেলটি উপহার দেয়া বা বিক্রি করা সম্ভব হলেও, নোবেল পুরস্কার কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে নোবেল পিস সেন্টার। তারা নরওয়ের নোবেল কমিটির বক্তব্য উদ্ধৃত করে বলে, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার করা যায় না, ভাগাভাগি করা যায় না বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এ সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী।
বিবৃতিতে আরও বলা হয়, পদক মালিকানা বদলাতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কারের ‘বিজয়ীর উপাধি’ কেবল আসল বিজেতার নিজেরই থাকে।
নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট আরও জানিয়েছে, নোবেল ফাউন্ডেশনের বিধিবিধান অনুযায়ী, পুরস্কার প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিলের সুযোগ নেই।
এর আগে, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হাতে তার ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন। ট্রাম্প তা গ্রহণ করে বলেন, এটি পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন।
/ইউএমএইচ