জুলাই সনদ ও গণ-অভ্যুত্থানের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ তে টিকচিহ্ন দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার (১৬ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে বান্দরবান সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে ভোটার উদ্বুদ্ধকরণ, প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রচার সভায় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা আদিলুর রহমান খান প্রশ্ন রেখে বলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছে এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। ভবিষ্যতে যেন আর কখনো গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে। কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে না আসে সে লক্ষ্যেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, অতীতের অন্যায়-অবিচার হয়েছে, তা আর হতে দেওয়া হবে না। এ জন্য বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ কার্যকর করা হয়েছে। এই সনদের প্রতি জনগণের সম্মতি নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। একটি ভোট আগামী পাঁচ বছরের জন্য নির্ভয়ে আপনার পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, আরেকটি ভোট আগামী একশ বছরের জন্য আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তাই গণভোটে সবাইকে "হ্যাঁ" ভোট দিতে হবে।
উপদেষ্টা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে দেশের সব শিক্ষক, ধর্মীয় গুরু ও সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে। যারা জুলাই আন্দোলনের পক্ষে তারা সবাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এবং যারা ফ্যাসিবাদের পক্ষে তারা না বলবে। সব ধর্মীয় গোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ দেশের আপামর জনগণ জুলাই আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রচারণা সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার আব্দুর রহমান। সভায় বান্দরবানের বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন গ্রামের কারবারিরা (গ্রামপ্রধান) উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ