কয়েকদিন ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট কূটনীতিতেও। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এ নিয়ে এখন চলছে আলোচনা। এর মধ্যেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ওয়ানডে ফরম্যাটের এই আসরে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর রানার্সআপ ভারত। তবে যুবাদের এই বিশ্ব আসর দুই বছর পরপর মাঠে গড়ায়। এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ষোলোতম আসর আফ্রিকার দুই দেশ জিম্বাবুয়ে এবং নাবিমিয়াতে ১৬ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে।
বছর ছয় আগে এই বিশ্বকাপেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল আকবরদের বাংলাদেশ। সেই লক্ষ্যে আজিজুল হাকিমদের দলও একই পথে হাঁটছে। সেভাবেই প্রস্তুতি নিয়ে জিম্বাবুয়ে গেছেন তারা। যদিও গত ডিসেম্বরে এশিয়া কাপে প্রত্যাশা পূরণ হয়নি তাদের। দুবাইয়ে সেমিফাইনালে হেরে গিয়েছিলেন তারা।
বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ জাওয়াদ আবরার, রিফাত বেগ, আজিজুল, কালাম, রিজানদের নিয়ে। বোলিংয়ে ইমন, সাদ, সামিউন, শাহরিয়াররাও ফর্মে আছেন। গত দুই বছরে দলটির মধ্যে দারুণ একটি বন্ধনও তৈরি হয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড।
উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে সব দলের মধ্যেই সবচেয়ে বেশি স্কোরের মালিক বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম। বছর উনিশের ব্যাটার আজিজুল এ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩২টি ম্যাচ খেলে ১০৬৭ রান করেছেন। তালিকায় তার পরেই রয়েছেন বাংলাদেশের সহঅধিনায়ক জাওয়াদ আবরার, ২৯ ম্যাচ খেলে যার মোট রান ১০৩৮। তৃতীয়তে রয়েছেন ভারতের ওপেনার বৈভব, সে ১৯ ম্যাচ খেলে রান করেছে ৯৭৫।
সময়ের আলো/কেএইচও