দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকাটি গ্যাং সহিংসতার জন্য কুখ্যাত। চলতি বছরের প্রথম নয় মাসেই সেখানে দুই হাজারের বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে।
দেশটির কেপটাউন শহরের বাইরে একটি টাউনশিপে শনিবার (১৭ জানুয়ারি) ভোরে বন্দুক হামলার ঘটনা ঘটে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, মারিকানা এলাকায় গোলাগুলির ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ। যাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি মধ্যরাতের কিছুক্ষণ পর ঘটে।
পুলিশ জানায়, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরেই সংগঠিত অপরাধচক্রের কারণে সৃষ্ট অপরাধ ও দুর্নীতির সমস্যায় ভুগছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সেখানে প্রতিদিন গড়ে প্রায় ৬৩ জন নিহত হয়েছেন। গত ডিসেম্বরে আলাদা দুটি গণগুলির ঘটনায় বন্দুকধারীরা একটি হোস্টেল ও একটি বারে হামলা চালায়। এসব হামলায় কয়েকজন শিশুসহ মোট ২৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।
সময়ের আলো/এনএ