আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কেউ নির্বাচন করার সুযোগ পেলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচন কমিশনে পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছেন। বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারকবাহক, গণতন্ত্রের পাইওনিয়ার দাবি করে একদিকে। আবার তাদের সমর্থিত প্রার্থীরাই গণতন্ত্রবিরোধী কার্যক্রম করে যাচ্ছে। ইসিকে আগের ৩টি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেব না।
তিনি বলেন, যারা আগে সুযোগ পেয়ে এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার পাঁয়তারা করছে। আমরা কোনোভাবেই এসব দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।
নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করে পার্টির মুখপাত্র বলেন, আমরা বিষয়টি নিয়ে শঙ্কিত। তারা একটি বিশেষ গোষ্ঠীর প্রতি নমনীয়। আসন্ন নির্বাচনও বিগত তিনটা নির্বাচনের দিকে যাচ্ছে। বিষয়টি আমাদের মনে শঙ্কার জন্ম দিয়েছে। এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই একটি দায়সারা নির্বাচন করার সুযোগ দেব না।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
আরআর