তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আপনারা এখন থেকে চিন্তা-ভাবনা শুরু করেন কাকে ভোট দেবেন। যত বাধা আসুক, সব বাধা মোকাবিলা করতে সরকার প্রস্তুত আছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যে কোনো বিষয় রাতারাতি পরিবর্তন আসে না। তবে আমরা ভিত্তিটা স্থাপন করে যেতে চাই। একই ব্যবস্থা, একই আইন-কানুন ও একই মানুষ রাখলে পরিবর্তন আসবে না।
উপদেষ্টা বলেন, এখন পরিবর্তন কী প্রক্রিয়ায় আনা যায়, সেটার জন্য সরকার বিভিন্ন সংস্কার কমিশন করেছে। যেসব বিষয় মনে করেছি, ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে সহায়তা করবে। আমরা সেগুলোর মোট ১২টি বিষয় নিয়ে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট করছি।
তিনি বলেন, আপনারা এখন ‘হ্যাঁ’ ও বলতে পারেন, আবার ‘না’ ও বলতে পারেন। যদি সংস্করণ ও পরিবর্তনের পক্ষে থাকেন, তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিলটা দেবেন। আমরা ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করছি, তার মানে এটা নয় কারো মনে অন্য কিছু থাকলে সেটা দিতে পারবে না।
মতবিনিময় সভায় স্থানীয় সরকারের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্ম-সচিব মো. আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জামান উপস্থিত ছিলেন।
এফআর