আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অনুসন্ধান ও বিচারিক কমিটি।
রোববার (১৮ জানুয়ারি) কমিটির সদস্য রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেন এ নোটিশ দেন।
নোটিশে উল্লেখ করা হয়, বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম সমাবেশ করে ভোট চেয়েছেন এবং তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। যা আচরণ বিধিমালার লঙ্ঘন। এজন্য তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ অভিযোগ করা হবে না, সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি স্ব-শরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, কারণ দর্শানোর নোটিশ জারি করে প্রতিবেদন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে দেওয়ার জন্য রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে, গতকাল এক সমাবেশ করে ভোট চাওয়ার একটি ভিডিও শাহাদাত হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেন। ২৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে একটা ভোট দেবেন, দেবেন আমাকে একটা ভোট?। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই। আমি আপনাদের বোনের ছেলে, আমি আপনাদের ভাইয়ের ছেলে। আমার অধিকার আছে, আমার দাবি আছে। আমি এই দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছি। আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবা করতে করতে আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই’।
এফআর