ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কারের দাবিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে স্ত্রী-সন্তানদের নিয়ে মানববন্ধন করেছেন মোবাইল ফোনের ব্যবসায়ীরা। রোববার (১৮ জানুয়ারি) এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনের সময় কার্যালয়ে প্রবেশের মুহূর্তে বিষয়টি নজরে এলে গাড়ি থেকে নেমে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি চারজন প্রতিনিধিকে ডেকে নিয়ে তাদের দাবি-দাওয়া শোনেন।
বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এনইআইআর বিষয়ে পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। তবে বিএনপি চেয়ারম্যানের দফতর থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আশ্বাসের কথা জানানো হয়নি।
গত ১ জানুয়ারি দেশে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করে এনইআইআর ব্যবস্থা কার্যকর হয়। এ ব্যবস্থার ফলে অনুমোদনহীন বা আনঅফিসিয়ালভাবে বিক্রি হওয়া মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে সংযুক্ত হতে পারছে না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, লাগেজ পার্টি ও চোরাপথে নিম্নমানের, চোরাই ও ব্যবহৃত মোবাইল ফোন দেশে প্রবেশ করায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, যা নিয়ন্ত্রণে আনতেই এনইআইআর চালু করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে আনঅফিসিয়াল মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। এনইআইআর কার্যকরের দিনই তারা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যালয়ে হামলা চালায়। ওই ঘটনায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়। এরপর থেকে গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তি, এনইআইআর স্থগিত, পুরোনো ফোন আমদানির সুযোগসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও দোকান বন্ধসহ একাধিক কর্মসূচি পালন করে আসছেন তারা।
রোববারের কর্মসূচিতে এমবিসিবির যমুনা ফিউচার পার্ক মার্কেট শাখা এবং চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী সমিতির সদস্যরা স্ত্রী-সন্তানসহ ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন।
তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেন এমবিসিবির কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান, এমবিসিবি যমুনা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রুবেল এবং যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ী মাসুদুর রানা।
বৈঠক শেষে আরিফুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও সরকার তাদের দাবিতে কর্ণপাত করেনি। এমনকি তিন মাস পর্যন্ত সব ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে যুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েও তা ভঙ্গ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান, সন্ধ্যা ৬টার কিছু পর শুরু হওয়া বৈঠকে তারেক রহমান ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং লিখিত নথিপত্র গ্রহণ করেন।
আরিফুর রহমানের দাবি, প্রাথমিক আলোচনার পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেছেন যে, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। তবে এ বিষয়ে বিএনপি চেয়ারম্যানের দফতর থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
আরআর