ফের উত্তপ্ত ভারতের জম্মু-কাশ্মীর। গোলাগুলিতে দেশটির অন্তত সাত সেনা আহত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই গোলাগুলির ঘটনা ঘটে।
রোববার (১৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে সাতজন ভারতীয় সেনা আহত হন।
সূত্র জানায়, কিশ্তওয়ারের চাত্রু এলাকার সন্নার অঞ্চলে সেনারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেনারা পাল্টা জবাব দিলে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। আহত সেনাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, ‘অপারেশন ত্রাশি-আই’ নামের এ অভিযান শনিবার দুপুরের দিকে শুরু হয়।
ভারতীয় সেনাবাহিনীর জম্মুভিত্তিক হোয়াইট নাইট কর্পস এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিকল্পিত তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মুখোমুখি সংঘর্ষ হয়।
বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। বেসামরিক প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে। কঠিন ভূপ্রকৃতি ও প্রতিকূল পরিস্থিতিতেও সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনাদের প্রশংসা করেছে সেনাবাহিনী।
কর্মকর্তারা জানিয়েছেন, তল্লাশি অভিযানের সময় একদল বিদেশি সন্ত্রাসীর সঙ্গে মুখোমুখি হয় সেনারা। ধারণা করা হচ্ছে, তারা পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ (জেইএম) সংগঠনের সদস্য। তারা নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি ঘেরাও ভাঙার চেষ্টা করে কয়েকটি গ্রেনেডও ছোড়ে।
এরপর সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও জম্মু ও কাশ্মীর পুলিশের অতিরিক্ত সদস্যদের পাঠিয়ে ঘেরাও আরও জোরদার করা হয়। কিছু সময় ধরে দুপক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলে।
সময়ের আলো/এআর