এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এই শোকজের জবাব দিয়েছে এনসিপি।
রোববার (১৮ জানুয়ারি) নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ জবাব দেওয়া হয়।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের পক্ষে দেওয়া ওই পোস্টে উল্লেখ করা হয়, ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ সম্বলিত ব্যানারে নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার কোনো প্রচারণা ছিল না। গণভোটের প্রচারের জন্য যে সব বিধিমালা রয়েছে তা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি।’
তাছাড়া ও নির্বাচনী আচরণ বিধিমালার কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি করে এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।
এর আগে নাহিদ ইসলামকে কারণ দর্শানোর নোটিশে (শোকজ) বলা হয়, ‘মো. নাহিদ ইসলাম, আপনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক মনোনীত ঢাকা-১১ আসনের একজন বৈধ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি, ঢাকা-১১ উল্লেখপূর্বক ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগান সংবলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।’
এতে আরও উল্লেখ করা হয়, সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্যকোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের আগে কোনোপ্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এই অবস্থায় আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সমস্ত বিলবোর্ড অপসারণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।
আর নাসীরুদ্দীন পাটওয়ারীকে দেওয়া চিঠিতে ইসি বলেছে, আপনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত ঢাকা-৮ আসনের একজন বৈধ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৮ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের ‘বিশাল আকৃতির রঙিন ছবি’ এবং গণভোটকে ‘হ্যাঁ বলি’ স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।
সময়ের আলো/এআর