চাঁদপুরের কচুয়ায় আইনের লোক পরিচয়ে গভীর রাতে দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শুয়ারুল দীঘিরপাড় এলাকার পাখিঘর মো. ইসমাইল হোসেন ও মনির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইসমাইল হোসেন জানান, ডাকাতরা আইনের লোক পরিচয়ে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে। পরে আলমারি ভেঙে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
অন্য ব্যবসায়ী মনির হোসেন জানান, ডাকাতরা ঘরের গেট কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে জিম্মি করে রাখে। এ সময় বাড়িতে থাকা ভাড়াটিয়াসহ সবার কাছ থেকে সাড়ে নয় ভরি স্বর্ণালংকার, চার লাখ পঞ্চাশ হাজার টাকা নগদ ও তিনটি মোবাইল ফোন লুট করা হয়।
এছাড়া ভাড়াটিয়া শরীফুজ্জামান শরীফের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও পাঁচ হাজার পাঁচশ টাকা নগদ নিয়ে যায় ডাকাতরা।
এ বিষয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীদের বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আআ